
সিস্টেম আপডেট ৩। ঘূর্ণিঝড় অর্ণব শক্তিশালী হচ্ছে!!
আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ৪:০০ টা
দক্ষিণ পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হয়ে আজ সকালে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় “অর্ণব” এ পরিণত হয়। এটি আগামী ২৪ ঘন্টায় ক্রমান্বয়ে আরও শক্তিবৃদ্ধি করতে পারে এবং প্রথমে ৬-১২ ঘন্টার মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে, ১২-২৪ ঘন্টার মধ্যে (হারিকেনের সমতুল্য) অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
বর্তমান পরিস্থিতি : ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে ৬৪ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বর্তমানে বাতাসের গড় সর্বোচ্চ গতিবেগ ৮৫কিমি/ঘণ্টা, যা দমকা ও ঝড়ো হাওয়াসহ ১০৫ কিমি/ঘণ্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ওই স্থানে সাগর বেশ উত্তাল রয়েছে।
সতর্ক সংকেত ও সিস্টেমের পরবর্তী অবস্থা :
সতর্ক সংকেত : বর্তমানে সকল সমুদ্রবন্দরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক ২নং হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তাই আপাতত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহ গভীর সাগরে (৫০ কিলোমিটার এর বেশি দূরত্বে) যাওয়া থেকে বিরত থাকুন এবং উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করুন।
গতিপথ : এটি আগামী ২৪-৩৬ ঘন্টায় শক্তি বৃদ্ধি করতে করতে গড়ে পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এরপর উত্তর/উত্তর উত্তর পশ্চিম দিকে বাক নিয়ে ২৮ তারিখ দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
সর্বোচ্চ শক্তি: সিস্টেমটি পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে যেয়ে সর্বোচ্চ শক্তি পেতে পারে। এটি হারিকেনের শক্তি সম্পন্ন অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এতে এর সর্বোচ্চ শক্তিমত্তা প্রায় ১৫০-১৫৫ কিমি/ঘন্টা হতে পারে এবং যা দমকা হওয়ার সহ ১৮৫-১৯০ কিমি/ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকলেও এর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে সরাসরি আঘাতের কোন ঝুঁকি নেই।
উপকূল অতিক্রম : এটি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ২৮ তারিখ দুপুরের মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
সিস্টেমের প্রভাবে বৃষ্টিপাতের ধরণ:
বৃষ্টিপাত : সিস্টেম এর গতিপথ অনুযায়ী ভারতের উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা আছে। পাশাপাশি দূরবর্তী প্রভাবে বাংলাদেশের উপর ২৭/২৮ তারিখ হতে একটি বৃষ্টি বলয় চালু হতে পারে। এতে বাংলাদেশের অনেক এলাকায় ২৭/২৮ অক্টোবর থেকে ১লা নভেম্বর এর মধ্যে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বরিশাল খুলনা রাজশাহী রংপুর ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক বেশি থাকতে পারে। এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হলেও তুলনামূলক কম হতে পারে।
পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ, © Bangladesh Weather Observation Team Ltd. (BWOT)
Advertisements
