Advertisements


ঈদ স্পেশাল আবহাওয়া বার্তা । ঈদ উল আযহা ২০২৬

ঈদ স্পেশাল আবহাওয়া বার্তা

ঈদ স্পেশাল আবহাওয়া বার্তা । ঈদ উল আযহা ২০২৬

বছর ঘুরে আবারও আসছে পবিত্র ঈদুল আযহা। এই সময়ে বিভিন্ন আয়োজনের পাশাপাশি আবহাওয়ার পরিস্থিতি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কালবৈশাখী মৌসুমের শেষ সময় এবং একইসাথে দেশে বৃষ্টি প্রবণতাও বেশ সক্রিয় থাকবে। নিচে ঈদের আগের দিন, ঈদের দিন এবং ঈদের পরের দিনের সম্ভাব্য আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরা হলো।

ঈদের আগের দিন (২৭ মে ২০২৬)

২৬ তারিখ দিবাগত রাত থেকে ২৭ তারিখ দুপুর পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে আকাশ আংশিক মেঘলা ও উত্তরাঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং কোথাও কোথাও কয়েকটি স্থানে কালবৈশাখী সহ অতিভারী বর্ষণও থাকতে পারে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টি হতে পারে।

দুপুরের পর থেকে গভীর রাতের মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি হতে পারে, বিশেষ করে রাতে। এর মধ্যে কয়েকটি স্থানে কালবৈশাখী সহ মাঝারি থেকে ভারী বর্ষণ এর সম্ভাবনা রয়েছে।

এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের উত্তরাংশে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে দমকা বাতাস সহ। খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকাতেও সাময়িক বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় কম।

এছাড়া বৃষ্টিহীন অঞ্চলে মোটামুটি ভ্যাপসা গরম থাকতে পারে।

ঈদের দিন (২৮ মে ২০২৬)

২৭ তারিখ দিবাগত রাত থেকে ঈদের দিন সকালের মধ্যে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে রাত থেকে সকালের মধ্যে একাধিক দফায় বজ্রবৃষ্টি হতে পারে।

ঈদের নামাজের সময়েও সিলেট, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসাথে ঢাকা বিভাগের উত্তরাংশ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের কিছু এলাকাতেও সাময়িক বজ্রবৃষ্টি হতে পারে।

দুপুর থেকে রাতের মধ্যে দেশের বিভিন্ন স্থানে আবারো কালবৈশাখী সহ বজ্রবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে। কিছু এলাকায় দমকা হাওয়া, তীব্র বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক কম থাকতে পারে। তখন বেশি সম্ভাবনা থাকবে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে।

এছাড়া বৃষ্টিহীন অঞ্চলে মোটামুটি ভ্যাপসা গরম থাকতে পারে।

ঈদের পরের দিন (২৯ মে ২০২৬)

ঈদের পরের দিনও দেশের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগের উত্তর অংশ ও রংপুর বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকবে।

তবে দেশের সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা পূর্ববর্তী দিনগুলোর তুলনায় কিছুটা কমে আসতে পারে। অনেক এলাকাতেই দিনের বেশ কিছু সময় আকাশ আংশিক মেঘলা থেকে মোটামুটি রোদ দেখা যেতে পারে।

মোট কথা, ঈদের আগের দিন থেকে ঈদের পরের দিন পর্যন্ত দেশের আবহাওয়া বেশ পরিবর্তনশীল থাকতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের অনেক এলাকায় একাধিক দফায় বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এছাড়া বৃষ্টিহীন অঞ্চলে মোটামুটি ভ্যাপসা গরম থাকতে পারে।


উক্ত সময়ের জন্য বিশেষ নোট:

মৌসুমি বায়ু বাংলাদেশের নিকটবর্তী হওয়ায় এসময় বৃষ্টিবাহী মেঘে তীব্র বজ্রপাতের আশঙ্কা থাকতে পারে। বজ্রপাতের সময় খোলা মাঠ, নদীপথ বা উঁচু স্থানে অবস্থান করা থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।

এছাড়া আবহাওয়ার পূর্বাভাস প্রাকৃতিক বিভিন্ন প্যারামিটারের উপর নির্ভরশীল। এসব প্যারামিটারের পরিবর্তনের কারণে পূর্বাভাসের সময়, স্থান বা তীব্রতা পরিবর্তিত হতে পারে। তাই সর্বশেষ আপডেট নিয়মিত অনুসরণ করুন।

ধন্যবাদ
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিঃ (BWOT)

Advertisements


Advertisements